
বান্দরবানের লামা উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ ও সাংগ্রাই উৎসব উপলক্ষে লামা কেন্দ্রীয় জলকেলি উৎসব অনুষ্ঠিত হয়েছে। জিনামেজু অনাথ আশ্রমের সম্মুখে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন।
লামা ইয়াংসা জিনামেজু অনাথ আশ্রমের পরিচালক উনন্দ মালা মাহাথেরোর সার্বিক ব্যবস্থাপনায় এবং লামা মারমা স্টুডেন্ট ফোরামের আয়োজনে উৎসবটি অনুষ্ঠিত হয়।
উৎসবে উপস্থিত ছিলেন লামা সরকারি মাতামুহুরী কলেজের সাবেক অধ্যাপক অংথিং রাখাইন, জিনামেজু আশ্রমের দাতা সদস্য বাবু প্রুমং রাখাইন, লামা গার্লস হাই স্কুলের সাবেক শিক্ষক বাবু অং থোয়াইলা মারমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও লামায় কর্মরত সাংবাদিকরা।
জলকেলি উৎসবে অংশগ্রহণকারী যুবক-যুবতীরা একে অপরের দিকে পানি নিক্ষেপ করে আনন্দে মেতে ওঠেন। এতে পুরো আয়োজন প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।
সাংগ্রাই উৎসব পার্বত্য অঞ্চলের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী উৎসব, যা সম্প্রীতি, আনন্দ ও নতুন বছরের বার্তা বহন করে।
মন্তব্য করুন