
মুহাম্মাদ আলমগীর লামা বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন আনসার ভিডিপি প্লাটুন কমান্ডার হাফিজুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং অর্থ আত্মসাৎসহ নানাবিধ গুরুতর অভিযোগ উঠেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ইউনিয়নের সাধারণ বাসিন্দা ও আনসার ভিডিপি সদস্যদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করা হয়েছে। লিখিত বক্তব্য প্রদান করেন আনসার সদস্য রহমত আলী।
সংবাদ সম্মেলনে গজালিয়া ইউনিয়ন আনসার ভিডিপি প্লাটুন কমান্ডার হাফিজুর রহমানের বিরুদ্ধে প্রধানত সাতটি সুনির্দিষ্ট অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো, চাকরি দেওয়া এবং পদমর্যাদা (র্যাংক) বৃদ্ধির নাম করে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ ও বিশ্বাসভঙ্গের অভিযোগ। ব্যক্তিগত শত্রুতা ও প্রতিহিংসার জেরে নিয়মবহির্ভূতভাবে সদস্যদের চাকরি থেকে অব্যাহতি প্রদান। প্লাটুনের আওতাধীন এলাকার মূল্যবান গাছ কাটা ও চুরির মতো ফৌজদারি অপরাধে লিপ্ত হওয়া। সরকারি জায়গা অবৈধভাবে দখল করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার। অধস্তন সদস্যদের সাথে অশোভন আচরণ, ভয়ভীতি প্রদর্শন এবং মানসিক নির্যাতন চালানো। নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর ‘সোর্স’, মানবাধিকার কর্মী কিংবা সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করার অভিযোগ। এছাড়া প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো এবং প্রশাসনিকভাবে হেনস্তা করা।
সংবাদ সম্মেলনে অভিযোগকারী সদস্যদের দাবি, হাফিজুর রহমানের এসব কর্মকাণ্ড সরকারি শৃঙ্খলা ও দুর্নীতি দমন আইনের পরিপন্থী। তারা অবিলম্বে এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে জোর দাবি জানিয়েছেন।
অভিযোগের ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে প্লাটুন কমান্ডার হাফিজুর রহমান বলেন, আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
মন্তব্য করুন