
প্রকৃত দরিদ্র পরিবারকে অন্তর্ভুক্ত করতে স্বচ্ছতা ও নিরপেক্ষতার নির্দেশনা।
বান্দরবান জেলার লামা উপজেলায় নবনির্বাচিত সরকারের নির্বাচনোত্তর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের প্রস্তুতি শুরু হয়েছে। এ কার্যক্রমের আওতায় প্রকৃত উপকারভোগী পরিবার নির্ধারণের লক্ষ্যে মাঠপর্যায়ে লিস্টিং ফরম পূরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে লামা উপজেলার ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হারগাজা গ্রামে চলমান ফ্যামিলি কার্ড কার্যক্রমের লিস্টিং ফরম পূরণ কার্যক্রম পরিদর্শন করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। এ সময় তিনি মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি করেন এবং দায়িত্বপ্রাপ্তদের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সঠিকভাবে তথ্য সংগ্রহের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারসমূহকে ফ্যামিলি কার্ডের আওতায় আনাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। তাই স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতার ভিত্তিতে তালিকা প্রণয়ন করতে সংশ্লিষ্টদের প্রতি তিনি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা তানভীর হাসান, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান, ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার, লামা উপজেলা জামায়াতের আমির কাজ্বী মোহাম্মদ ইব্রাহিম, স্থানীয় ও মহিলা মেম্বার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন বলেন সরকারের ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় নির্ধারিত নীতিমালা অনুসরণ করে মাঠপর্যায়ে দরিদ্র ও অসহায় পরিবারসমূহকে তালিকাভুক্ত করা হচ্ছে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রণয়ন করে পর্যায়ক্রমে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
মন্তব্য করুন