
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী চাককাটা এলাকায় পরিবেশ আইন অমান্য করে পাহাড় কাটার অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য মুসা কলিমউল্লাহ কিসলুর বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, কিসলুর মালিকানাধীন বাগানে এস্কেভেটর (ভেকু) দিয়ে পাহাড় কেটে রাস্তা ও মাছ চাষ প্রকল্পের জন্য বাঁধ নির্মাণ করা হচ্ছে। সরেজমিনে গিয়ে পাহাড় কেটে মাটি অপসারণের সত্যতা পাওয়া গেছে।
তবে মুসা কলিমউল্লাহ কিসলু দাবি করেন, বাগানে যাতায়াতের সুবিধা ও মাছের প্রজেক্টের জন্য কাজ করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “সবার জন্য ছাড়পত্র লাগে না।”
স্থানীয়দের আশঙ্কা, অপরিকল্পিত পাহাড় কাটার কারণে বর্ষায় পাহাড় ধসের ঝুঁকি তৈরি হতে পারে। সচেতন মহল অবৈধ পাহাড় কাটা বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর, বান্দরবানের উপপরিচালক নূর হাসান সজিব বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন