
পার্বত্য চট্টগ্রামের আদিবাসী -গোষ্ঠীদের ঐতিহ্যবাহী উৎসব ‘সাংগ্রাই’ সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ০২নং তারাছা ইউনিয়নে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে ‘তারাছা ইউপি উৎসব উদযাপন পরিষদ আহ্বায়ক কমিটি’র উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন সাংগ্রাই পোয়ে (সাংগ্রাই উৎসব) আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন – বাবু মংসিংউ মারমা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। সভায় উৎসবের প্রধান আকর্ষণ— মৈত্রী পানি বর্ষণ, ঐতিহ্যবাহী খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাছা ইউনিয়ন পরিষদের ০৩নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব উমংসিং মারমা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৫নং ওয়ার্ডের মেম্বার জনাব অংক্যথোয়াই মারমা।
সভায় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সাংগ্রাই কেবল মারমা সম্প্রদায়ের উৎসব নয়, এটি পাহাড়ের সম্প্রীতির মিলনমেলা। এই উৎসব যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং নতুন প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতি সঠিকভাবে পৌঁছে দেওয়া যায়, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় পাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কার্বারি (পাড়াপ্রধান) এবং তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সুধীজনরা উৎসবের নিরাপত্তা এবং ঐতিহ্যবাহী রীতি-নীতি মেনে অনুষ্ঠান পরিচালনার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। তারাছা ইউনিয়নের প্রতিটি পাড়ায় উৎসবের আমেজ ছড়িয়ে দিতে এবং পর্যটক ও স্থানীয়দের অংশগ্রহণে উৎসবকে প্রাণবন্ত করতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য যে, প্রতি বছর বাংলা নববর্ষকে বরণ ও বিদায় জানাতে পাহাড়ের নৃ-গোষ্ঠীরা বৈসাবি উৎসব পালন করে, যা মারমা সম্প্রদায়ের কাছে ‘সাংগ্রাই’ নামে পরিচিত। তারাছা ইউনিয়নে এবার বড় পরিসরে এই উৎসব উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক কমিটি।
মন্তব্য করুন