
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নে মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব মহা ‘সাংগ্রাই’ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবক ও যুবতীদের যৌথ উদ্যোগে এই আলোচনা সভাটি আয়োজন করা হয়।
আগামী সাংগ্রাই উৎসবকে আনন্দমুখর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক অংচমং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মারমা যুব সমাজের প্রতিষ্ঠাতা ও স্থানীয় পরিষদ সদস্য সাচিং মারমা।
সভায় সভাপতিত্ব করেন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মংসিংউ মারমা।
পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী এই উৎসবকে ঘিরে এলাকার ১২টি পাড়ার যুবক ও যুবতী প্রধানদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় মোট ৪৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পাড়া প্রধান (কারবারি) এবং প্রতিটি পাড়া থেকে আগত যুবক-যুবতী প্রতিনিধিরা উৎসবের প্রস্তুতি ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে অংচমং মারমা বলেন, “সাংগ্রাই আমাদের কৃষ্টি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মকে সাথে নিয়ে এই ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরতে হবে।” বিশেষ অতিথি সাচিং মারমা সম্প্রীতির বন্ধন অটুট রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান।
উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত পাড়া প্রধানগণ উৎসবের দিনগুলোতে ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মৈত্রী পানি বর্ষণ (জলকেলি) সুন্দরভাবে আয়োজনের ব্যাপারে ঐক্যমত পোষণ করেন। উৎসবকে ঘিরে পাহাড়ি জনপদে এখন থেকেই বইছে আনন্দের আমেজ।
মন্তব্য করুন