
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিজয় স্মৃতি সার্বজনীন বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ, প্রাজ্ঞ ধর্মগুরু ভদন্ত অজিতা মহাথের’র ৯১তম জন্মবার্ষিকী ও আচারিয়া (গুরু) পূজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের বিজয় পাড়া বৌদ্ধ বিহার সংলগ্ন মাঠে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচি ও দেশনার মধ্য দিয়ে এই উৎসব সম্পন্ন হয়। বিজয় পাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবের কেন্দ্রবিন্দুতে ছিলেন শ্রদ্ধেয় ‘ধ্যান ভান্তে’ অজিতা মহাথের।
ধর্মীয় দেশনা: সকাল থেকেই বিভিন্ন বিহার থেকে আগত প্রাজ্ঞ ভিক্ষুসংঘের উপস্থিতিতে উপাসক-উপাসিকাদের উদ্দেশে মৈত্রী ও শান্তির বাণী প্রচার করা হয়।
সাংস্কৃতিক বৈচিত্র্য: আলেক্ষ্যং ইউনিয়নের মারমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের দায়ক-দায়িকাদের সরব অংশগ্রহণ উৎসবকে এক অনন্য রূপ দান করে।
সম্মাননা: প্রবীণ এই ধর্মগুরুর সুদীর্ঘ ত্যাগী ও আদর্শিক জীবনকে শ্রদ্ধা জানাতে শত শত পুণ্যার্থী গুরু পূজায় অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ: পঞ্ঞা নাইন্দা মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা সদরের কেন্দ্রীয় সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মানন্দ মহাথের।
এছাড়াও অনুষ্ঠানে শতাধিক প্রাজ্ঞ ভিক্ষুসংঘ এবং হাজার হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকা উপস্থিত থেকে ধর্মীয় পুণ্য আহরণ করেন। বিশ্বশান্তি ও সকল জীবের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন