
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সদরস্থ তাইম্রংছড়া পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো চারটি পরিবারের পাশে দাঁড়িয়েছে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার। বিপদের এই মুহূর্তে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে স্থানীয় জনমনে প্রশংসা কুড়িয়েছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, গত সোমবার (৬ এপ্রিল ২০২৬) তাইম্রংছড়া পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট এই আগুনে মুহূর্তের মধ্যেই প্রীতিময় তঞ্চঙ্গ্যা, সুবাস তঞ্চঙ্গ্যা, বিনিময় তঞ্চঙ্গ্যা ও দীনময় তঞ্চঙ্গ্যা—এই চার ভাইয়ের চারটি বসতবাড়ি ভস্মীভূত হয়। চোখের পলকে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছে পরিবারগুলো। আগুনে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় নথিপত্র এবং সারা বছরের সঞ্চিত খাদ্যশস্য পুড়ে ছাই হয়ে যাওয়ায় তারা এখন খোলা আকাশের নিচে দিনাতিপাত করছেন।
অসহায় এই পরিবারগুলোর কষ্টের কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ এবং পার্বত্য ভিক্ষু পরিষদের সম্মানিত সভাপতি ভদন্ত উ. পঞ্ঞানন্দ মহাথের। তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং তাদের মাঝে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন জেতবন বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষুগণ, সমাজসেবক অংসাজাই মারমা, মংপু মাষ্টার এবং বিহারের অন্যান্য দায়কবৃন্দ। তারাও ব্যক্তিগতভাবে এই মানবিক উদ্যোগে সামিল হয়ে স্বতঃস্ফূর্তভাবে আর্থিক অনুদান প্রদান করেন।
সহায়তা প্রদান শেষে ভদন্ত উ. পঞ্ঞানন্দ মহাথের এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,
“মানুষ মানুষের জন্য। আকস্মিক এই দুর্যোগে পরিবারগুলো আজ সহায়-সম্বলহীন। এমন কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। আমরা সামান্য প্রচেষ্টা চালিয়েছি মাত্র। সমাজের প্রতিটি সামর্থ্যবান ব্যক্তির উচিত যার যার অবস্থান থেকে এই নিঃস্ব মানুষগুলোর সাহায্যে এগিয়ে আসা।”
অপ্রত্যাশিত এই সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জেতবন বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারা জানান, এই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক উদ্যোগ দুর্গত মানুষের মনে বাঁচার নতুন স্বপ্ন জাগিয়ে তোলে।
রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দিচ্ছেন ভদন্ত উ. পঞ্ঞানন্দ মহাথেরসহ অতিথিবৃন্দ।
মন্তব্য করুন