
মো.আরিফ, বান্দরবান প্রতিনিধি;
বান্দরবানের পাহাড়ি উপজেলা রুমার প্রত্যন্ত এলাকায় নির্বাচনি প্রচার চালিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৮টায় দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে রুমা রোয়াংছড়ি সীমান্তবর্তী খিয়াং জনগোষ্ঠীর খামতাম পাড়া থেকে দিনব্যাপী এ প্রচার কার্যক্রম শুরু হয়। এ সময় পাহাড়ি ও বাঙালি বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রতিটি পাড়া উৎসবমুখর হয়ে ওঠে।
নির্বাচনি প্রচারে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা অংশ নেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যাপক মো. ওসমান গনি,বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশীদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, বিএনপি নেতা মশিউর রহমান মিটনসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।
প্রচারকালে রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের মানুষ উন্নয়নবঞ্চনা, অধিকার হরণ ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। এসব সমস্যার স্থায়ী সমাধানে পাহাড়ি ও বাঙালি সব জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে বিএনপি শান্তিপূর্ণ ও উন্নত পার্বত্য অঞ্চল গড়তে কাজ করে যাবে।
তিনি আরও বলেন, বিএনপি যে অঙ্গীকার করে, তা বাস্তবায়নে বিশ্বাসী। নির্বাচিত হলে এ অঞ্চলের পানি সংকট, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। একই সঙ্গে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি দেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এলাকায় কোনো প্রার্থীর সরাসরি এসে কথা বলা তাঁদের কাছে আশার নতুন আলো জ্বালিয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, এবার পাহাড়ের মানুষের কণ্ঠস্বর জাতীয় পর্যায়ে আরও দৃঢ়ভাবে তুলে ধরা হবে।
প্রচার শেষে বিভিন্ন পাড়ায় পথসভা ও গণসংযোগ করেন বিএনপির প্রার্থী। পাহাড়ি ঢোল, বাদ্যযন্ত্র আর স্লোগানে উৎসবমুখর পরিবেশে শেষ হয় দিনের প্রচার।
মন্তব্য করুন