
পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবানের আলীকদমে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং এতিমখানায় আর্থিক অনুদান প্রদান করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
সোমবার (০৯ মার্চ) আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর উদ্যোগে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
একই সঙ্গে আলীকদম উপজেলার দুটি মাদরাসা ও এতিমখানায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য মাহে রমজানে ইফতার ও সেহরির ব্যবস্থা করতে আর্থিক অনুদান প্রদান করা হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আলীকদম আজিজিয়া ফাজিল (উচ্চ) মাদরাসা ও আলীকদম ইসলামিয়া এতিমখানা।
বিজিবি সূত্রে জানা যায়, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে নানা মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। চিকিৎসা সেবা প্রদান, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সহায়তার মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারা।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিজিবির কর্মকর্তা, কোয়ার্টার মাস্টার, বিভিন্ন পদবির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও আলীকদম ব্যাটালিয়ন মানবিক ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
মন্তব্য করুন