
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন পার্বত্য ৩৪ নং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা। জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, নীতি ও আইন প্রণয়ন এবং নারী ও শিশুর অধিকার ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয়ে এই স্থায়ী কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
অ্যাডভোকেট মাধবী মার্মা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এবার এই গুরুত্বপূর্ণ কমিটিতে যুক্ত হওয়ায় বান্দরবানের নারী ও শিশুদের উন্নয়ন, অধিকার ও সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাহাড়ি জনপদের পিছিয়ে পড়া নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে তার এই নতুন দায়িত্ব বিশেষ ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, অ্যাডভোকেট মাধবী মার্মার এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে বান্দরবানের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা তাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বান্দরবানের সামগ্রিক অগ্রযাত্রায় এবং নারী অধিকার রক্ষায় তিনি সফল হবেন—এমনটাই প্রত্যাশা সকলের।
মন্তব্য করুন