
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়ন বিএনপি’র সদস্য ফরম বিতরণে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে বড় মাচুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কবির বেপারী। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে বড় মাচুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখত বক্তব্যে মোঃ কবির বেপারী বলেন, আমি বিগত ৩৫ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রাজনীতির সাথে জড়িত। বিএনপি করার কারণে গত ১৭ বছরে আমার নামে প্রায় ২০-২৫টি মামলা হয়েছে। এর মধ্যে ১০-১২টি মামলায় কারাবরণ করি। অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেও বিএনপি’র রাজনীতির আদর্শ থেকে সামন্যতম বিচ্যুত হইনি। গত ১৭ বছর যাদের দ্বারা আমি নির্যাতিত হয়েছি তারাই এখন নয়া বিএনপি সেজে পুরোদমে আবার বিভিন্ন কায়দায় রাজনৈতিক ও সামাজিকভাবে হয়রানির চেষ্টা চালাচ্ছে। এর একটাই কারণ দলের মধ্যে গ্রুপিং। গত বছরের ৫ আগষ্ট স্বৈরচারের পতনের পর মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র মধ্যে ব্যাপক গ্রুপিংয়ের দেখা দেয়। যার অংশ হিসেবে বড় মাছুয়া ইউনিয়নেও গ্রুপিংয়ের অবস্থা তীব্র আকারে ধারণ করছে। এর ধারাবাহিকতায় নেতারা তাদের দল ভারি করতে নব্য বিএনপিদের নিয়ে রাজনীতি শুরু করায় আমরা ত্যাগী নেতারা দলের মধ্যে কোনঠাসা হয়ে পড়েছি। এমনকি আমাকে বিএনপি’র দলীয় সদস্য ফরম পর্যন্ত পূরণ করতে দেয়নি। যার পিছনে রয়েছে বড় মাছুয়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ তালুকদার সহ তার সহযোগী রুহুল তালুকদার, সিদ্দিক তালুকদার সহ অনেকে। আমি তৃণমূলের একজন ত্যাগী নেতা হিসেবে মাঠ পর্যায়ে বিএনপি’র কিছু নেতাদের স্বেচ্ছাচারিত ও আওয়ামী দোসরদের নিয়ে দল ভারি বন্ধের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। অন্যথায় আওয়ামী দোসরদের নিয়ে এভাবে চলতে থাকলে দল ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হবে।
সংবাদ সম্মেলনে বড় মাছুয়া ইউনিয়ন ও ২নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন