
বান্দরবানের দুর্গম পাহাড়ি সড়কে আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আজ: ৪ই মে (সোমবার) জেলা সদরের রেইছা চেকপোস্ট সংলগ্ন একটি ঝুঁকিপূর্ণ টার্নিং পয়েন্টে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে নিচের খাদে পড়ে যায়। এতে ট্রাকটিতে থাকা চালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, মালবাহী ট্রাকটি বান্দরবান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পাহাড়ি আঁকাবাঁকা ও সরু সড়ক দিয়ে যাওয়ার সময় রেইছা চেকপোস্টের কাছাকাছি একটি বিপজ্জনক বাঁকে পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই ট্রাকটি সড়ক থেকে ছিটকে পড়ে গিয়ে কয়েকশ ফুট নিচে খাদে গড়িয়ে পড়ে।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। আহতদের উদ্ধার করে প্রথমে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান , দুর্ঘটনার সময় ট্রাকটির গতি তুলনামূলক বেশি ছিল। এছাড়া পাহাড়ি সড়কের ওই অংশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে বৃষ্টি হলে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি, সড়কের বাঁকের ঝুঁকিপূর্ণ অবস্থা এবং চালকের অসতর্কতাই এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে।
এদিকে, এমন দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
পাহাড়ি সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত সাইনবোর্ড, গার্ডরেল এবং নিয়মিত তদারকি না থাকায় প্রায়ই প্রাণহানির আশঙ্কা তৈরি হয়। দ্রুত এসব ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
মন্তব্য করুন