
তৃণমূল পর্যায়ে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব করার লক্ষ্য নিয়ে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা। একই সাথে বান্দরবান মা ও শিশু হাসপাতালের দীর্ঘদিনের নানা সমস্যা ও সংকট দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।
আজ: ৪ঠা নভেম্বর (বুধবার) জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. লেনিন তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আহ্বায়ক উঃ চ নু মং মারমা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (পরিবার পরিকল্পনা) আবু সালেহ মো. ফোরকান উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে উঃ চ নু মং মারমা বলেন, “তৃণমূল পর্যায়ে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব করে তুলতে হবে। আমাদের মাতৃমঙ্গল কেন্দ্রগুলোকে সুন্দর, সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা জরুরি। মা ও শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে জেলা পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।”
সভায় জেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বান্দরবান মা ও শিশু হাসপাতালের বিদ্যমান নানা সংকট নিয়ে বিস্তর আলোচনা হয়। হাসপাতালটির স্বাস্থ্যসেবা আরও গতিশীল করতে অবিলম্বে আধুনিক অ্যাম্বুলেন্স সংযোজন, চিকিৎসক সংকট নিরসন এবং বদলিসংক্রান্ত জটিলতা দূর করার জোর দাবি তোলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উত্থাপিত এসব সমস্যা ও সংকট সমাধানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এবং বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান মিসেস ম্যামাচিং মারমার সঙ্গে কথা বলে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বস্ত করেন প্রধান অতিথি উঃ চ নু মং মারমা।
উক্ত সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বান্দরবান মা ও শিশু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কামরুল মনির রিবন, জেএসআই প্রকল্পের কনসালটেন্ট ডা. অংচালু, সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং লামা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবুজ বড়ুয়াসহ বিভাগের অন্যান্য কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ।
মন্তব্য করুন