
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।
বান্দরবান জেলা আলিকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের জানালী পাড়ায় সম্প্রতি ঘটে যাওয়া কলার ছড়া চুরি ও গাছ চুরি কে কেন্দ্র করে জাফর আলম ও তার ছেলে সহ সহযোগীরা মিলে নিরিহ ম্রো জনগোষ্ঠীর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ ১৯ জানুয়ারি (সোমবার) বান্দরবান জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় ম্রো সম্প্রদায় এবং সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক শ মানুষ অংশ নেন।
এ সময় উমংসিং মার্মা-র সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিংওয়াইমং মার্মা, বিতনময় তঞ্চঙ্গ্যা, নেলসন ত্রিপুরা, উমংসিং মার্মা, রংথইন ম্রো, জন্স ত্রিপুরা, উবাথোয়াই মার্মা, এডভোকেট উমংসিং মার্মা, এবং সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন, তনয়া ম্রো।
এ সময় সমাবেশে বক্তারা বলেন, কোনো প্রকার উস্কানি ছাড়াই নিরীহ ম্রো জনগোষ্ঠীর ওপর হামলা চালানো হয়েছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। যারা অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এবং ম্রো সম্প্রদায়ের দীর্ঘদিনের শান্তিপূর্ণ অবস্থানে বাধা সৃষ্টি করতেই এই পরিকল্পিত আক্রমণ বলেও অভিযোগ করেছেন তারা।
সমাবেশে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে হামলাকারীদের বিচার এবং দুর্গম পাহাড়ের পাহাড়ি জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, যদি দ্রুত দোষীদের গ্রেফতার করা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হলে সকল জাতিসত্তার নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের প্রধান দায়িত্ব এমনটাই মনে করছেন স্থানীয় সচেতন মহল।
মন্তব্য করুন