
ভোরের স্নিগ্ধতায় মন্ত্রোচ্চারণ আর প্রার্থনায় মুখরিত পাহাড়ের বুক। বান্দরবানের প্রতিটি বৌদ্ধ বিহারে এখন উৎসবের আমেজ। বৈশাখ মাসে উদযাপিত হয় বলে বৈশাখী পূর্ণিমা আর বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাকরুনিক গৌতম বুদ্ধ এই দিনে জন্ম গ্রহণ, বুদ্ধত্ব ঞ্জান লাভ, এবং মহাপরিনির্বাণ লাভ করেন বলে ত্রি স্মৃতি বিজড়িত এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই স্থানীয় রাজগুরু কেন্দ্রীয় বৌদ্ধ বিহারসহ জেলর বিভিন্ন বৌদ্ধ বিহারে ভিড় জমাতে শুরু করেন শত শত ভক্ত।
তিথি মেনে বুদ্ধ মূর্তিকে স্নান করানো, ফুল দিয়ে সাজানো আর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে জগতের সকল প্রাণীর সুখ ও শান্তি কামনা করেন পুণ্যার্থীরা। তাদের মতে, বুদ্ধের অহিংসার বাণীই পারে বর্তমান বিশ্বের অস্থিরতা দূর করতে।
এ বিষয়ে পুণ্যার্থী ও ধর্মীয় বৌদ্ধ ভিক্ষুরা জানিয়েছেন:
“আজকের এই পবিত্র দিনে আমাদের প্রধান প্রার্থনা হলো বিশ্বশান্তি। জগতের সকল প্রাণী সুখী হোক, পাহাড় ও সমতলে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক—এই কামনাই করছি।”
বিশেষ প্রার্থনা সভা ছাড়াও দিনটি উপলক্ষে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই শোভাযাত্রাটি সম্প্রীতির এক অনন্য বার্তা ছড়িয়ে দিচ্ছে। ছোট-বড় নির্বিশেষে সবাই শামিল হয়েছেন এই আনন্দ উৎসবে।
দিনটি নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বিকেলেও রয়েছে ধর্মীয় কীর্তন এবং ফানুস ওড়ানোর বিশেষ আয়োজন।
শান্তি ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ হয়ে বান্দরবানের এই উৎসব শেষ হবে রাতে বিশেষ আলোকসজ্জা আর প্রার্থনার মধ্য দিয়ে।
মন্তব্য করুন