
সবুজ পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন ইমারতটিই এখন বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষার নতুন প্রশাসনিক কেন্দ্র। দীর্ঘ প্রতীক্ষার পর আজ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এই নিজস্ব ভবন।
সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন ও ফিতা কেটে ভবনের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা ৩০০নং আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক: রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান: অধ্যাপক থানজামা লুসাই, বান্দরবান জেলা প্রশাসক: সানিউল ফেরদৌস, বান্দরবান জেলা পুলিশ সুপার: মোঃ আবদুর রহমান, বান্দরবান জেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার: পরিণয় চাকমা সহ শিক্ষা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং শিক্ষক নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই ভবনে রয়েছে পর্যাপ্ত অফিস স্পেস, আধুনিক কনফারেন্স রুম এবং ডিজিটাল ল্যাব সুবিধা। আগে ভাড়া বাড়িতে বা জরাজীর্ণ ভবনে কার্যক্রম চালাতে যে ভোগান্তি হতো, নতুন এই অবকাঠামো তৈরির ফলে তার অবসান ঘটবে। এতে প্রশাসনিক কাজের পাশাপাশি তদারকি বাড়বে প্রান্তিক পর্যায়ের বিদ্যালয়গুলোতেও।
এ সময় উপস্থিত বক্তারা বলেন: “এই নতুন প্রশাসনিক ভবনের মাধ্যমে জেলার প্রাথমিক শিক্ষার হার বৃদ্ধি পাবে। পার্বত্য এলাকার শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে এটি একটি বড় মাইলফলক।”
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ মানবসম্পদ গড়তে গোড়া থেকেই জোর দিচ্ছে সরকার। বান্দরবানের মতো দুর্গম এলাকায় এই আধুনিক প্রশাসনিক ভবনটি পাহাড়ের শিক্ষা ব্যবস্থাকে আরও সুসংহত করবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
মন্তব্য করুন