
মো. আরিফ, বান্দরবান প্রতিনিধি;
বান্দরবান পার্বত্য জেলার খেলোয়াড়, প্রাক্তন-খেলোয়াড় ক্রীড়া সংগঠকও ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাচিং প্রু জেরী।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য প্রার্থী সাচিং প্রু জেরীর বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশীদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান ৩০০ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাচিং প্রু জেরী।
মতবিনিময় সভায় জেলার ক্রীড়াঙ্গনের বর্তমান অবস্থা ও খেলোয়াড়দের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় সাচিং প্রু জেরী বলেন, বান্দরবান পার্বত্য জেলার ক্রীড়াঙ্গনকে আধুনিক ও যুগোপযোগী করতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি সকল খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, জেলার খেলোয়াড়দের জন্য উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, স্থানীয় ক্রীড়া সংগঠক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন