
চট্টগ্রাম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬: বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে ভোট দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রা ণনাশের হুমকি, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরি করেছেন।
অভিযোগকারী মোহাম্মদ জাহাঙ্গীর মুনিরী (৪৩) জানান, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ২৬ মিনিটে তার কর্মস্থলে স্থানীয় চার ব্যক্তি তাকে মারধরের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। অভিযুক্তরা হলেন— মোঃ আবু তাহের (পিতা: ফজলুর রহমান), মোঃ হেলালুর রহমান (পিতা: মৃত ফজল আহমদ), মোঃ জাহেদুল ইসলাম (পিতা: মৃত নুরুল ইসলাম) এবং মোঃ দিদারুল ইসলাম (পিতা: মৃত নুরুল ইসলাম)। তাদের সবার বাড়ি পশ্চিম মনকিচর, ১নং ওয়ার্ড, ৯নং (ক) শীলকূপ ইউনিয়ন, বাঁশখালী।
জাহাঙ্গীর মুনিরীর অভিযোগ, এর আগে গত ১২ ফেব্রুয়ারি শীলকূপ নূর মার্কেট সংলগ্ন এলাকায় ভোট প্রদান সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তার সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা তাকে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, ওই ঘটনার পর থেকে অভিযুক্তরা নিয়মিত মোবাইল ফোনে তাকে হত্যার ও জানমালের ক্ষতির হুমকি দিয়ে আসছেন। বর্তমানে তাদের হুমকিতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় প্রাণনাশের আশঙ্কা করছেন বলে জানান।
এদিকে, অভিযোগ রয়েছে যে, কয়েকদিন আগে গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তার বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং ঘরে থাকা প্রায় ৭০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনাকেও তিনি চলমান বিরোধের অংশ বলে সন্দেহ করছেন।
ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে তিনি বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করেছেন। সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
মন্তব্য করুন