
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী ঋষিধামে বর্ণাঢ্য মহা শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের একমাত্র ও ঐতিহ্যবাহী দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত শোভাযাত্রায় দেশ-বিদেশের হাজারো ভক্ত, সাধু-সন্ন্যাসী, ঋষি ও ধর্মীয় প্রতিনিধিরা অংশ নেন।
ঋষিধাম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নির্ধারিত সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় ঋষিধামে এসে শেষ হয়। শঙ্খধ্বনি, কীর্তন, বৈদিক মন্ত্রোচ্চারণ ও ঢাক-ঢোলের তালে পুরো এলাকায় সৃষ্টি হয় ভাবগম্ভীর ধর্মীয় পরিবেশ।
শোভাযাত্রার কেন্দ্রবিন্দু ছিলেন বাঁশখালী ঋষিধাম ও চট্টগ্রাম তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। তিনি ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে শোভাযাত্রায় অংশ নেন। পরে কবুতর ও বেলুন উড়িয়ে শান্তি ও বিশ্বমানবতার বার্তা দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
১১ দিনব্যাপী এই কুম্ভমেলায় বাংলাদেশসহ ভারত, নেপাল ও ভুটান থেকে আগত ভক্তবৃন্দ অংশ নিচ্ছেন। আয়োজকরা জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মেলা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
মন্তব্য করুন