
চট্টগ্রামের বাঁশখালীতে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা নিয়োগবিধি বাস্তবায়ন, পদোন্নতি ও বেতন বৈষম্য দূরীকরণসহ বেশ কয়েকটি দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
আজ ২ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কয়েক ঘণ্টা ধরে এই অবস্থান কর্মসূচি চলে।
কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে তারা চাকরির স্থায়িত্ব, পদোন্নতি ও ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সংশোধিত নিয়োগবিধি প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলেও এখনো তা কার্যকর হয়নি। ফলে মাঠপর্যায়ের কর্মীরা অনিশ্চয়তার মধ্যে দায়িত্ব পালন করছেন।
অবস্থান কর্মসূচি থেকে বক্তারা বলেন,
“আমরা বছরের পর বছর ধরে স্বল্প সুযোগ-সুবিধায় জনগণের সেবা দিয়ে আসছি। কিন্তু নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় আমাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হতে হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবো।”
এসময় তারা উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমস্যার সমাধান এবং কর্মীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন