
বগুড়া-৬ ও শেরপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচনকে সামনে রেখে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বগুড়া-৬ আসনের জন্য বগুড়া জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আহসান হাবিবকে এবং শেরপুর-৩ আসনের জন্য শেরপুর জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মোরশেদুল আলমকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গেছে, শেরপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মো. মাহমুদুল হক রুবেল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মো. মিজানুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। বর্তমানে এসব মনোনয়নপত্র নিয়ে আপিল নিষ্পত্তির প্রক্রিয়া চলছে।
অন্যদিকে বগুড়া-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনেও রিটার্নিং কর্মকর্তার প্রাথমিক যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে এবং আপিল শুনানি চলমান রয়েছে।
নির্বাচনের তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির শেষ দিন ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ। ১৫ মার্চ প্রতীক বরাদ্দ করা হবে। ১৬ মার্চ থেকে ৭ এপ্রিল সকাল সাড়ে সাতটা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচার। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল।
মন্তব্য করুন