
জ্বালানি তেলের দাম বাড়ানো হবে কি না—সে বিষয়ে আগামী মাসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, যা প্রতি মাসেই পর্যালোচনা করা হয়। আসন্ন মন্ত্রিসভা বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রয়েছে, যা অনেক দেশের তুলনায় ভিন্ন অবস্থান। একই সঙ্গে তিনি বলেন, দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত আছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে।
আরও পড়ুন: বিদ্যুৎ সাশ্রয়ে নতুন নির্দেশনা / সন্ধ্যা ৭টার মধ্যেই বন্ধ রাখতে হবে অনুষ্ঠান ও বিলবোর্ডের আলো
অবৈধ মজুত ও কালোবাজারি রোধে অভিযান অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সংসদে দেওয়া তথ্যে মন্ত্রী জানান, বর্তমানে দেশে ১ লাখ ৬৪ হাজার ৯৪৪ মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। এছাড়া এপ্রিল মাসের মধ্যে আরও ১ লাখ ৩৮ হাজার টন ডিজেল, ৭১ হাজার ৪৪৩ টন অকটেন এবং ৩৬ হাজার টন পেট্রোল আমদানি করা হবে।
মন্তব্য করুন