
চাঁদপুরের শাহরাস্তিতে স্থানীয় এক মসজিদের ইমামকে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায়
শাহরাস্তি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলার কাদরা গ্রামের মৃত আ. মতিনের ছেলে মাওলানা মাসুম বিল্লাহ মাদক চক্রের হাত থেকে নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ৩ অক্টোবর, শুক্রবার সন্ধ্যায় কাদরা বাজারস্থ তার দোকান ‘গাউসিয়া গার্মেন্টস’-এ মনোহরগঞ্জ উপজেলা ক্যাম্পের সেনাবাহিনী মাদক সন্দেহে অভিযান চালায়। ঘটনাকালে তিনি দোকানে উপস্থিত ছিলেন না। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, এটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক।
তিনি আরও জানান, মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ গ্রামের জমদ্দার বাড়ির বাবলু মিয়ার ছেলে মো. রাহিম সেদিন ক্রেতার ছদ্মবেশে তার দোকানে মাদক রাখার চেষ্টা করেছিল। এ ঘটনায় মো. রাহিম দীর্ঘ সময় স্থানীয় স্কুল মাঠে অবস্থান করেছিল।
মাওলানা মাসুম অভিযোগ করেন, শিহাব নামে একজন, যিনি গত জুন মাসে অস্ত্র ও মাদকসহ যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন, মো. রাহিমসহ কাদরা মিজি বাড়ির হারুনের ছেলে আরিফ, ধোয়া বাড়ির এমরান মিয়ার ছেলে হৃদয়সহ আরও কয়েকজনকে নিয়ে কাদরা বাজারের পূর্ব পাশে হাফিজ উদ্দিন মুন্সি বাড়ির সামনে এই ঘটনার পরিকল্পনা করেছিলেন। শিহাব ও তার পিতা নূরুল হকের বিরুদ্ধে পূর্ব থেকে মাদক সংক্রান্ত একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
তিনি বলেন, শিহাব জামিনে মুক্তি পাওয়ার পর তার বিরুদ্ধে ফেসবুকে বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ একাধিক পোস্ট দিয়েছে এবং প্রকাশ্যভাবে “দেখে নেবে” হুমকি প্রদান করেছে। এছাড়া “একটি ভুয়া ফেসবুক আইডি থেকেও মানহানিকর পোস্ট প্রচার করা হচ্ছে।
বর্তমানে তিনি ও তার পরিবার তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং চাঁদপুর জেলা যৌথ বাহিনী, পুলিশ সুপার ও উপজেলা প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মাওলানা মাসুম ইতোমধ্যে মনোহরগঞ্জ সেনা ক্যাম্পে মো. রাহিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন। এছাড়া শিহাবের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন সময়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগও রয়েছে।
মন্তব্য করুন