
উখিয়ার অন্যতম ব্যস্ততম এলাকা কুতুপালং বাজারে দীর্ঘদিনের যানজট নিরসন ও জনভোগান্তি লাঘবে এক সপ্তাহের ব্যবধানে পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার সকাল ১০:৩০টা থেকে দুপুর ১:৩০টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার জনাব রিফাত আসমা-এর নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শারমিন সুলতানা।
অভিযান চলাকালীন রাস্তার দুই পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে উখিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, স্কাউট সদস্য, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে সহায়তা প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অসাধু ব্যবসায়ীদের দখলদারিত্ব এবং সাধারণ মানুষের অসচেতনতাই এই এলাকায় তীব্র যানজটের প্রধান কারণ। উচ্ছেদ পরবর্তী সময়ে বাজার যেন পুনরায় দখল না হয়, সেজন্য রাজাপালং ইউপি চেয়ারম্যান ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকেও এ বিষয়ে সতর্ক নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়। কুতুপালং বাজারের এই জনদুর্ভোগ স্থায়ীভাবে নিরসনের জন্য প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি স্থানীয় সচেতন নাগরিকদের নিয়মিত সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন