
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৭ নম্বর সরল ইউনিয়ন পরিষদে ইউপি উন্নয়ন সহায়তা খাতের একটি প্রকল্পের কাজ না করেই ৩ লাখ টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিভাগীয় কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথক অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বিএনপি নেতা ইদ্রিছ বাদশা।
অভিযোগ সূত্রে জানা যায়, ইউপি উন্নয়ন সহায়তা খাত থেকে ২০২৩ সালের ৭ ডিসেম্বর “সরল দৃষ্টিনন্দন সড়কের ব্রীক সলিং” নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পটির জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু অভিযোগ উঠেছে, প্রকল্পের কোনো কাজ বাস্তবায়ন না করেই ২০২৪ সালের ২০ অক্টোবর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হারুনুর রশীদ ওই টাকা উত্তোলন করেন।
অভিযোগে বলা হয়, ইউপি উন্নয়ন সহায়তার নীতিমালা অনুযায়ী প্রতিটি প্রকল্প বাস্তবায়নের জন্য স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে ওয়ার্ড কমিটি ও স্কিম সুপারভিশন কমিটি থাকার কথা। কিন্তু এ প্রকল্পে সেই নীতিমালা অনুসরণ করা হয়নি।
অভিযোগকারী ইদ্রিছ বাদশা জানান, তিনি উপজেলা বিজিসিসি সভার কার্যবিবরণী থেকে প্রকল্পটির বিষয়ে জানতে পারেন। পরে সংশ্লিষ্ট ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, প্রকল্প সম্পর্কে তাকে ইউনিয়ন পরিষদ থেকে অবহিতই করা হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে প্রশাসনিক কর্মকর্তা হারুনুর রশীদের কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে অসহযোগিতা করেন।
অভিযোগপত্রে ইদ্রিছ বাদশা উল্লেখ করেন, “সরকারি অর্থ আত্মসাতের মতো জঘন্য কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।”
এ বিষয়ে তিনি বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।
তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা হারুনুর রশীদের বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া সরল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে প্রকল্পের প্রকৃত অবস্থা যাচাই ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন