
কক্সবাজারের উখিয়া সদর স্টেশন জামে মসজিদে ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার জুমার নামাজের পূর্ব মুহূর্তে অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন দ্বীন ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন। তার হৃদয়ছোঁয়া বক্তব্যে তিনি বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এই বিধানের আলোকে সকলকে সৎপথে চলতে হবে এবং মানবতার কল্যাণে কাজ করতে হবে।
বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লীরা মনোযোগ সহকারে তার এ বয়ান শোনেন। উপস্থিত মুসল্লীদের মধ্যে ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ধর্মীয় উপদেষ্টার আগমন উপলক্ষে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
বয়ান শেষে মসজিদের খতিব মাওলানা হাফেজ মুফতি নিয়ামত উল্লাহ্ জুমার নামাজ পরিচালনা করেন। নামাজ শেষে ধর্ম উপদেষ্টা আল্লাহর দরবারে কান্নাভেজা কণ্ঠে বিশেষ মোনাজাত করেন। মোনাজাতে তিনি বাংলাদেশের সমৃদ্ধি, শান্তি এবং ফিলিস্তিনের নির্যাতিত জনগণের মুক্তি কামনা করেন। পাশাপাশি তিনি ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ জানান।
এই সময় পুরো মসজিদজুড়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। ধর্মীয় উপদেষ্টার এ বয়ান ও দোয়া স্থানীয় জনসাধারণের মাঝে গভীর প্রভাব ফেলে।
মন্তব্য করুন