
কক্সবাজারের উখিয়ায় ছাত্রদল নেতা নুরুল আমিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত নুরুল আমিন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে এবং স্থানীয় ছাত্রদলের একজন নেতা।
স্থানীয় সূত্রে জানা যায়, উখিয়া উপজেলা ছাত্রদলের ইফতার মাহফিলে যোগ দিতে যাচ্ছিলেন নুরুল আমিন। সিএনজি যোগে কুতুপালং কচুবনিয়া এলাকায় পৌঁছালে যানজটের মধ্যে একটি টমটম চালকের সঙ্গে তার কথা–কাটাকাটি হয়।
এ সময় অভিযোগ উঠেছে, কুতুপালং কচুবনিয়া এলাকার জাগির হোসনের পুত্র কথিত শীর্ষ সন্ত্রাসী শফিক ওরফে ‘মাত্তুল শফিক’ দেশীয় অস্ত্র নিয়ে নুরুল আমিনের ওপর হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।
উখিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ান বলেন, “নুরুল আমিন আমাদের দলের একজন সক্রিয় নেতা। তিনি ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে পরিকল্পিতভাবে এই হামলার শিকার হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, বিষয়টি আমরা মৌখিকভাবে জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উখিয়ায় কোনো সন্ত্রাসীর জায়গা হবে না।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
মন্তব্য করুন