
বান্দরবানের আলীকদম উপজেলায় বৈধ বিদ্যুৎ সংযোগকে অবৈধ আখ্যা দিয়ে ৫০ হাজার টাকা দাবি এবং টাকা না পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে বিদ্যুৎ অফিসের এক লাইনম্যানের বিরুদ্ধে। এ সময় গ্রাহক পরিবারের উপর হামলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ কলারঝিরি এলাকার বাসিন্দা নুরুল ইসলাম মনুর বাড়িতে ঘটে।
ভুক্তভোগী নুরুল ইসলাম মনু অভিযোগ করে জানান, আলীকদম বিদ্যুৎ অফিসের লাইনম্যান ইব্রাহিম তার বৈধ বিদ্যুৎ সংযোগকে অবৈধ দাবি করে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি জোরপূর্বক বিদ্যুতের লাইনের তার কেটে দেন।
তিনি আরও জানান, এ সময় বাধা দিতে গেলে অভিযুক্ত ইব্রাহিম তাদের উপর হামলা চালান। এতে তার স্ত্রী শাহিন আক্তার আহত হন। অভিযোগ রয়েছে, হামলার সময় শাহিন আক্তারের গায়ের ব্লাউজ ছিঁড়ে ফেলা হয় এবং প্লায়ার্স দিয়ে তার হাতে আঘাত করে জখম করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বিষয়টি স্থানীয় নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম কফিল উদ্দিনকে অবহিত করলে তিনি বিষয়টি মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেন। তবে ঘটনার এক সপ্তাহ পার হলেও এখনো কোনো প্রতিকার পাননি বলে জানিয়েছেন নুরুল ইসলাম মনু।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত লাইনম্যান ইব্রাহিম বলেন, “গ্রাহকই আমাকে আঘাত করার উদ্দেশ্যে ইট নিক্ষেপ করেন।” তবে স্থানীয় সূত্রে তার এ বক্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি।
এ বিষয়ে লামা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরী বলেন, “ঘটনাটি আমি শুনেছি। বিষয়টি সমাধানের জন্য আলীকদম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যেতে বললেও ইব্রাহিম অস্বীকৃতি জানিয়েছে।” তিনি আরও বলেন, “আমি নিজেও ইব্রাহিমের অত্যাচারে অতিষ্ঠ।”
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও আলীকদম উপজেলায় কয়েকটি অটোরিকশার গ্যারেজে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে লাইনম্যান ইব্রাহিমের বিরুদ্ধে।
স্থানীয়রা ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন