
নারায়ণগঞ্জ শহরের সাথে বন্দরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রেখে বন্দরবাসীকে উন্নয়নের আলো থেকে বঞ্চিত রাখতে একটি চিহ্নিতচক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে দাবি করেছে ‘বন্দর থানা সিনিয়র সিটিজেন ফোরাম’। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইসমাঈল ভূঁইয়া মুকুলের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বন্দরকে উন্নয়নবঞ্চিত রাখার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ।
সদর ও বন্দরের লক্ষ্য জনতা কদম রসূল সেতু নির্মাণ কাজে কোন প্রতিবন্ধকতা মেনে নিবে না। সেতুর কাজ এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে বর্তমানে মাজার ভাঙ্গার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন তারা। একই সাথে এ বিষয়ে যেন আর কোন নাটকের সৃষ্টি না হয় এবং কোন নাটকের মঞ্চস্থ করা না হয় সে বিষয়ে সতর্ক করে দিয়েছেন তারা। অন্যথায় সদর ও বন্দরের লক্ষ লক্ষ জনতা মাঠে নামতে এবং শক্ত হাতে এসব চক্রান্ত দমন করতে বাধ্য হবেন বলে জানান তারা।
ফোরামের সভাপতি আলহাজ্ব আলমগীর আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাঈল ভূঁইয়া মুকুল এক যৌথ বিবৃতিতে বলেন, “কদম রসুল সেতু নারায়ণগঞ্জ সদর ও বন্দরের লক্ষ লক্ষ মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রত্যাশার ফসল। শীতলক্ষ্যা নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি যুগ যুগ ধরে জানিয়ে আসছে নারায়ণগঞ্জের সচেতন মহল। কিন্তু একটি অসাধু চক্রের হীনস্বার্থের কারণে জনগণের এই প্রাণের দাবি বারবার বাধাগ্রস্ত হয়েছে।”
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, “সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) যৌথ উদ্যোগে বহুল প্রতীক্ষিত এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়। শুরু থেকেই একটি স্বার্থান্বেষী মহল এখানে সেতু নির্মাণ করতে না দেওয়ার প্রকাশ্য হুমকি দিয়ে আসছিল। শহরের বিবেকবান মানুষের প্রতিবাদের মুখে তারা পিছু হটলেও বর্তমানে মাজারকে উসিলা করে সেতুর কাজ বন্ধ করার গোপন চক্রান্তে মেতে উঠেছে।”
বন্দর থানা সিনিয়র সিটিজেন ফোরামের নেতৃবৃন্দ চক্রান্তকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, মাজারকে ব্যবহার করে কিংবা নতুন কোন নাটক মঞ্চস্থ করে সেতু নির্মাণ কাজ বন্ধের যেকোনো অপচেষ্টা নারায়ণগঞ্জ ও বন্দরের সচেতন জনতা কঠোরভাবে প্রতিহত করবে। বন্দরকে অন্ধকারে রেখে কোনো ধরনের অপরাজনীতি মেনে নেওয়া হবে না।
নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, “এই সেতুর নির্মাণ কাজ যেন কোনোভাবেই থেমে না যায় এবং দ্রুত তা বাস্তবায়ন হয়। এই সেতু বাস্তবায়নে বন্দরবাসী নিরাশ হলে আগামীর রাজনীতিতে সময়ের পরিক্রমায় আপনাদেরও নিরাশ হতে হবে।”
পরিশেষে নেতৃবৃন্দ সেতু নির্মাণ কাজ নির্বিঘ্ন রাখতে মাজার স্থানান্তরসহ সকল অপকৌশল রুখতে প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। অন্যথায় বন্দর খেয়াঘাট দিয়ে পারাপার হওয়া লক্ষ লক্ষ যাত্রীর দুর্ভোগ ও প্রাণহানির ঝুঁকি নিরসনে সদর ও বন্দরের সর্বস্তরের জনতা রাজপথে নামতে বাধ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।
মন্তব্য করুন