
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন মো. পারভেজের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস)। একই সঙ্গে হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
রবিবার (৫ অক্টোবর) সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে চসাস নেতৃবৃন্দ বলেন, “আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সংঘটিত এই ঘটনাটি সাংবাদিক সমাজের ওপর সুপরিকল্পিত হামলার শামিল। পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর এমন ন্যক্কারজনক আক্রমণ গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য চরম হুমকি।”
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, আহত দুই সাংবাদিকের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি, এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি কঠোর আল্টিমেটাম দেওয়া হয়েছে।
চসাস আরও জানায়, সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তি আঘাত নয়, এটি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে সারাদেশের সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
চসাসের সভাপতি সৈয়দ দিদার আশরাফী বিবৃতিতে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, শনিবার স্থানীয় দুই পক্ষের সংঘর্ষের খবর সংগ্রহে গিয়ে রোববার সকালে ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা দুই সাংবাদিকের ওপর হামলা চালায়। এতে তাঁদের মাথা ফেটে যায় এবং ক্যামেরা ও ব্যক্তিগত জিনিসপত্র ভাঙচুর ও ছিনতাই করা হয়। আহত সাংবাদিকরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মন্তব্য করুন