
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ডিমভর্তি একটি চার্জার অটোগাড়ি চুরির রহস্য উদঘাটন করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে চোরের পরিহিত শার্টের পেছনে থাকা একটি বিশেষ ‘স্টিকার’ দেখে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার (৪ এপ্রিল) পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার একটি দোকান থেকে চুরি হওয়া মালামালসহ দুই যুবককে আটক করে রুহিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, ১নং রুহিয়া ইউনিয়নের পূর্ব কুজিশহর (ধনীপাড়া) গ্রামের আমজাদ হোসেনের ছেলে আব্দুর রউফ ওরফে হাবিব(২০) ও ঘনিমহেষপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে নয়ন ইসলাম(২৬)। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি রুহিয়া থানা এলাকা থেকে ডিমবোঝাই একটি চার্জার অটো চুরির ঘটনা ঘটে। এরপর পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিবিড়ভাবে পর্যবেক্ষণ শুরু করে। ফুটেজে দেখা যায়, এক অভিযুক্তের শার্টের পেছনে একটি বিশেষ ধরনের স্টিকার রয়েছে। এই সূত্র ধরে ও প্রযুক্তির সহায়তায় পুলিশ নিশ্চিত হয় যে অভিযুক্তরা আটোয়ারী উপজেলায় অবস্থান করছে। শনিবার রুহিয়া থানার একটি বিশেষ টিম আটোয়ারীর নতুন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ‘নয়ন হার্ডওয়্যার’ নামক দোকান থেকে অটোগাড়ীর খোলা যন্ত্রাংশ ও মালামালসহ হাবিব ও নয়নকে হাতেনাতে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, স্বল্প সময়ের মধ্যেই চোরচক্র অটোগাড়ীটির কিছু যন্ত্রপাতি অন্য গাড়িতে স্থাপন করে ফেলেছিল। রুহিয়া থানার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সিসিটিভি ফুটেজের ক্ষুদ্র একটি সূত্র ধরে সফল অভিযানটি পরিচালনা করা সম্ভব হয়েছে। এ বিষয়ে রুহিয়া থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।(মামলা নং-০৩, তারিখ ০৪/০৪/২০২৬ইং) এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন