
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ঈদের নামাজ শেষে আইনজীবী আবুল কালাম মো: খালিদের উপরে হত্যাচেষ্টা হামলার ঘটনায় ৪ জন আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো: মজিবুর রহমান এর আদালতে তাদের কারাগারে পাঠানো হয়।
কারাগারে পাঠানো আসামীরা হলো, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের আ: রাজ্জাক ওরফে রঞ্জু (৫০) , মনির হোসেন (৫২) , রিয়াদুল করিম ওরফে আরজু (৫৫) ও রিয়াজ (২৫) । সবাই মঠবাড়িয়া উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের বাসিন্দা।
আইনজীবী আবুল কালাম মো: খালিদ মঠবাড়িয়া উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা।
মামলা সূত্রে জানাযায়, গত ৩১ মার্চ ২০২৫ তারিখ ঈদের দিনে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের বাসিন্দা আইনজীবী আবুল কালাম মো: খালিদ ঈদের নামাজ শেষ করা মাত্রই তার প্রতিপক্ষ আসামীরা তাকে হত্যার উদ্দেশ্যে দলবল নিয়ে তার উপরে দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে বাচাঁতে এলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে কয়েকটি হাত বোমা মেরে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার জখম গুরুত্বর হওয়ায় তাকে মঠবাড়িয়া হাসপাতাল থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
পরে এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হলে আসামীরা পলাতক ছিলো। মঙ্গলবার মামলার আসামী আ: রাজ্জাক ওরফে রঞ্জু, মনির হোসেন, রিয়াদুল করিম ওরফে আরজু ও রিয়াজ আদালতে হাজির হলে আদালতের বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন।
এডিশনাল পিপি এডভোকেট ওয়াহিদ হাসান বাবু জানান আসামীরা দীর্ঘদিন পলাতক ছিল। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ মঙ্গলবার জামিল শুনানি শেষে আদালত তাদের জেল হাজতে পাঠায়।
মন্তব্য করুন