
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ রেলওয়ে।
এ কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (৭ মার্চ) অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিন। আজ যাত্রীরা ১৭ মার্চের ট্রেনযাত্রার জন্য আসনের টিকিট সংগ্রহ করতে পারছেন।
প্রতিবারের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থার মাধ্যমে বিক্রি করা হচ্ছে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবং টিকিট কেনার প্রক্রিয়া সহজ করতে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ফলে যাত্রীদের কাউন্টারে ভিড় না করে ঘরে বসেই টিকিট সংগ্রহের সুযোগ তৈরি হয়েছে।
সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয়েছে টিকিট। সকালে পাওয়া যাচ্ছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। অন্যদিকে দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট।
চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।
রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে, অনলাইনে শতভাগ টিকিট বিক্রির এই ব্যবস্থা ঈদযাত্রায় টিকিট বাণিজ্য ও অনিয়ম কমাতে সহায়ক হবে এবং যাত্রীরা তুলনামূলক স্বাচ্ছন্দ্যে নিজেদের গন্তব্যে যেতে পারবেন।
মন্তব্য করুন