
বান্দরবানের লামায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে বাস্তবায়নাধীন ‘লামা বাজার রক্ষা’ প্রকল্পে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও মানহীন কাজের সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। ৩৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ব্লক বাঁধ প্রকল্পের কাজ শেষ হওয়ার মাত্র তিন মাসের মধ্যেই ধসে পড়ে। এছাড়া কাজের বিভিন্ন অনিয়ম এবং প্রকল্পের অর্থ দিয়ে ৯২ কিলোমিটার দূরে জেলা সদরে বিলাসবহুল বাংলো নির্মাণের মতো চাঞ্চল্যকর তথ্য সামনে আসায় পানি সম্পদ মন্ত্রণালয় থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত দল সরেজমিনে পরিদর্শন করেছে।
বৃহস্পতিবার সকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফছা বেগম, পাউবোর দক্ষিণ-পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কে এম জুলফিকার তারেক এবং পাউবো বান্দরবানের নির্বাহী প্রকৌশলী অপু দেবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত তদন্ত দল মাতামুহুরী নদীর ব্রিজঘাট থেকে মারমা শ্মশানঘাট পর্যন্ত নির্মিত ব্লক বাঁধ এলাকা ঘুরে দেখেন।
সরেজমিন পরিদর্শনে প্রকল্পের কাজে মারাত্মক অসংগতি ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। কার্যাদেশ অনুযায়ী বাঁধে ৪ ইঞ্চি পুরু ইটের খোয়া দিয়ে ফিল্টার করার কথা থাকলেও মাত্র ১ ইঞ্চি খোয়া বিছানো হয়েছে। নদীর নিচের অংশে ৩ মিলিমিটার জিওটেক্সটাইল ব্যবহারের কথা থাকলেও তা অনুপস্থিত ছিল। এছাড়া নদীর ঢালের ওপর ১ মিটার উঁচু সুরক্ষা দেয়াল (গাইডওয়াল) পাওয়ার কথা থাকলেও ধসে পড়া স্থানে তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
প্রকল্প সূত্রে জানা যায়, ৩৩ কোটি ৫০ লাখ টাকার এই এক কিলোমিটার দীর্ঘ ব্লক বাঁধ নির্মাণের কাজটি দুটি প্যাকেজে বিভক্ত ছিল। এর মধ্যে একটি প্যাকেজের কাজ পায় ‘হাসিবুল এন্টারপ্রাইজ’ এবং অপরটি ‘শহীদ ব্রাদার্স’। হাসিবুল এন্টারপ্রাইজের কাজের মান অত্যন্ত নিম্নমানের হওয়ায় তাদের তৈরি সাড়ে ছয় হাজার ব্লক গুণগত মান পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে বাতিল করে পাউবো।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্লক তৈরিতে মাতামুহুরী নদীর কাদামিশ্রিত বালু এবং ময়লাযুক্ত স্থানীয় পাহাড়ি পাথর ব্যবহার করা হয়েছে। নদীতে জিগজ্যাগ পদ্ধতিতে ব্লক ফেলে ডাম্পিং করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তড়িঘড়ি করে গোঁজামিল দিয়ে কাজ শেষ করে। অনিয়মের অভিযোগে এর আগে উপজেলা প্রশাসন দুইবার কাজ বন্ধ করে ঠিকাদারকে সতর্ক করলেও তারা তা তোয়াক্কা করেনি। ফলাফলস্বরূপ, সামান্য বৃষ্টি ও পাহাড়ি ঢলে নির্মাণ শেষ হওয়ার মাত্র তিন মাসের মাথায় বাঁধের বিভিন্ন অংশ ধসে নদীতে বিলীন হয়ে যায়।
প্রকল্পের নথি অনুযায়ী, বাঁধের তীরে জৈব সুরক্ষায় (বায়োলজিক্যাল প্রটেকশন) ৪ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে ৬০০টি গাছ রোপণ করার কথা দেখানো হয়েছে, যেখানে প্রতিটি গাছের পেছনে ৮০০ টাকার বেশি ব্যয় ধরা হয়। কিন্তু স্থানীয় বাসিন্দারা জানান, পুরো এক কিলোমিটার এলাকায় কোনো গাছ রোপণ করা হয়নি, এমনকি কোনো গর্ত বা বাঁশের বেড়াও চোখে পড়েনি।
সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, নদী রক্ষা প্রকল্পের অর্থে লামা উপজেলা থেকে প্রায় ৯২ কিলোমিটার দূরে বান্দরবান জেলা শহরে পাউবো কর্মকর্তাদের বিনোদন ও থাকার জন্য ২ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে একটি তিনতলা বাংলো কাম অফিস নির্মাণ করা হচ্ছে। প্রকল্প এলাকার সুরক্ষার টাকা দিয়ে দূরে বাংলো নির্মাণের যৌক্তিকতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সুশীল সমাজ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
জানা গেছে, ২০২৫ সালের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকলেও ঠিকাদার তড়িঘড়ি করে ৯০ ভাগ কাজ শেষ দেখিয়ে ইতোমধ্যে ৮৫ শতাংশ বিল তুলে নিয়েছেন। কাজের এই অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান হাসিবুল এন্টারপ্রাইজের মালিক আশরাফুল নবী দাবি করেছেন যে কার্যাদেশ অনুযায়ীই কাজ সম্পন্ন হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি ও জনরোষের মুখে প্রকল্পের সার্বিক অনিয়ম, গাছ না লাগানোর ভুয়া বিল এবং বাংলো নির্মাণের বিষয়টি নিয়ে নিরপেক্ষ ও কঠোর তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।
মন্তব্য করুন