
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘দেবতাখুম’ ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ট্যুরিস্ট গাইডদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, রোয়াংছড়ি-এর উদ্যোগে গত ১৩ ও ১৪ মে (২০২৬) এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে প্রশিক্ষণের সমাপনী অধিবেশনে দেবতাখুমের মোট ১৩৯ জন নিবন্ধিত গাইডের মাঝে নতুন পোশাক (ইউনিফর্ম) এবং লাইসেন্স নবায়নের জন্য ‘ট্যুরিস্ট গাইড বুক’ বিতরণ করা হয়।
দুই দিনব্যাপী এই কর্মশালায় গাইডদের পেশাদারিত্ব, পর্যটকদের সাথে আচরণ এবং জরুরি মুহূর্তে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে গাইডদের দিকনির্দেশনা দেন রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির (ওসি), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণে বিশেষ করে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা, পাহাড়ি পথে এবং পানিতে কোনো দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের প্রাথমিক উদ্ধার তৎপরতা ও জীবন রক্ষাকারী কৌশলগুলো হাতে-কলমে শেখানো হয়।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেবতাখুমের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিতে গাইডদের ভূমিকা অপরিসীম। নিবন্ধিত এই ১৩৯ জন গাইড এখন থেকে সুশৃঙ্খল ইউনিফর্ম পরিধান করে এবং নিয়ম মেনে পর্যটকদের সেবা প্রদান করবেন। এর ফলে পর্যটন কেন্দ্রে শৃঙ্খলা ফেরার পাশাপাশি পর্যটকদের আস্থা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন