
বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকর রাখতে চট্টগ্রামের বাঁশখালীতে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ড।
রোববার (২৪ মে) জলকদর খালের মোহনা ও আশপাশ এলাকায় পরিচালিত অভিযানে অবৈধভাবে আহরিত মাছ সংরক্ষণে বরফ সরবরাহের অভিযোগে শেখেরখীল এলাকার মালেক শাহ্ আইস ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কয়েকটি বরফ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
মোবাইল কোর্ট সূত্র জানায়, কারখানাটি অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের পানি ব্যবহার করে বরফ উৎপাদন করছিল এবং তা নিষিদ্ধ সময়ে অবৈধভাবে ধরা মাছ সংরক্ষণে সরবরাহ করা হচ্ছিল।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিনের প্রসিকিউশনে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সামুদ্রিক সম্পদ রক্ষা ও মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন