
মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
আন্তর্জাতিক কুম্ভমেলা পরিদর্শন করেছেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই-কমিশনের সেকেন্ড সেক্রেটারি এম কে সিং। পরিদর্শনকালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার অন্যতম দিকনির্দেশক এবং ঋষি অদ্বৈতানন্দ পরিষদ–বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শ্রী দেবাশীষ পালিত।
এ সময় শ্রী দেবাশীষ পালিত অতিথির কাছে কুম্ভমেলার সার্বিক আয়োজন, ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব, ঐতিহ্যবাহী ইতিহাস এবং চলমান কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক কুম্ভমেলা ধর্ম, দর্শন ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে একটি বিশ্বজনীন মিলনমেলা, যা ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা বহন করে।
পরিদর্শনের একপর্যায়ে ভারতীয় সহকারী হাই-কমিশনের সেকেন্ড সেক্রেটারি এম কে সিং ঋষিধাম ও তুলসী ধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় আধ্যাত্মিক ভাববিনিময়ের মধ্য দিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও সম্মানের প্রকাশ ঘটে।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীগুরু সংঘের সহসভাপতি শ্রী রাজীব সিংহ, কুম্ভমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক এডভোকেট অনুপম বিশ্বাস, সদস্য সচিব চন্দ্র শেখর মল্লিকসহ কুম্ভমেলা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে এম কে সিং আন্তর্জাতিক কুম্ভমেলার সুশৃঙ্খল আয়োজন ও ভাবগম্ভীর পরিবেশের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের ধর্মীয়-সাংস্কৃতিক আয়োজন দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন