
টেকনাফের শাহপরীরদ্বীপে কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ৭ জন পাচারকারী আটক হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ১০ এপ্রিল বৃহস্পতিবার মধ্যরাত ০২ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী এবং র্যাব-১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফ থানাধীন ময়দানের ঘোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ইঞ্জিন চালিত কাঠের বোট কোস্ট গার্ড আভিযানিক দলের থামার সংকেত অমান্য করে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড আভিযানিক দল এক ঘন্টাব্যাপি বোটটিকে ধাওয়া করে গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত বোটটিতে তল্লাশী চালিয়ে জালের ভিতর একটি বস্তায় বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবাসহ ০৭ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। আটক কৃতরা হলেন মুহাম্মদ ফারুক (২০), উমর ফারুক (২৭), আরফাত উল্লাহ(২৬), মোহাম্মদ আনিস(২৩), ফয়েজ উল্লাহ (২৭), মোহাম্মদ রফিক (২৬),ও আসাদ উল্লাহ (২২) বলে জানায়। আটক কৃতরা সকলে টেকনাফের ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
জব্দকৃত ইয়াবা এবং আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন