
বান্দরবানের আলীকদম উপজেলার দূর্গম বুলুপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পৃষ্ঠপোষকতা ও অর্থায়নে নির্মিত একটি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়টির উদ্বোধন করেন।
বিজিবি সূত্রে জানা যায়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী অতি দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন ও শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে “অপারেশন উত্তরণ” এর অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়। রেমাক্রি ইউনিয়নের বুলুপাড়ায় প্রতিষ্ঠিত বিদ্যালয়টি স্থানীয় তিনটি পাড়ায় বসবাসরত প্রায় ৫০টি পরিবারের ৭০-৮০ জন শিক্ষাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো পৌঁছে দেবে।
উদ্বোধন অনুষ্ঠানে ৫৭ বিজিবি অধিনায়ক শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক শিক্ষার বই, খাতা, কলম, পেন্সিল, রাবারসহ বিভিন্ন শিক্ষা সহায়ক সামগ্রী এবং বিস্কুট ও চকলেট বিতরণ করেন। এ সময় বিজিবির বিভিন্ন পদবীর সদস্য, স্থানীয় পাড়া কারবারী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদকদ্রব্য, চোরাচালান ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে কাজ করার পাশাপাশি মানবিক সেবামূলক কর্মকাণ্ডও নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছে তারা। বিশেষ করে দূর্গম পার্বত্য এলাকায় বসবাসরত নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে চিকিৎসা সেবা প্রদান, খাদ্য ও বস্ত্র বিতরণ, আর্থিক অনুদান এবং দুর্যোগে ত্রাণ সহায়তাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে আলীকদম ব্যাটালিয়ন।
বিদ্যালয় প্রতিষ্ঠার এই উদ্যোগের জন্য স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, কারবারী/হেডম্যানসহ অভিভাবকরা বিজিবির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে পাহাড়ি শিশুদের ভবিষ্যৎ গঠনে নতুন দ্বার উন্মোচিত হবে এবং পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
বিজিবি জানায়, ভবিষ্যতেও আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এ ধরনের মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
মন্তব্য করুন