
পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বান্দরবানের রুমা উপজেলায় ১৮ জন কৃষককে নিয়ে দুই মাসব্যাপী কৃষি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
বান্দরবান রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এবং ৩৮ ইস্ট বেঙ্গল, রুমা জোনের পরিচালনায় রুমা উপজেলার দুর্গম ও দূরদূরান্তের বিভিন্ন পাড়ার কৃষকদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল পাহাড়ি কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান, লাভজনক ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করা এবং কৃষির মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন করে স্বাবলম্বী করে তোলা।
দুই মাসব্যাপী প্রশিক্ষণে কৃষকদের বিভিন্ন ধরনের লাভজনক পাহাড়ি ফসল চাষ, উন্নত কৃষি পদ্ধতি, বীজ নির্বাচন, সার ব্যবস্থাপনা, জমির সঠিক ব্যবহার ও উৎপাদন বৃদ্ধির নানা কৌশল সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। বিশেষ করে কম ওজনের কিন্তু বাজারে তুলনামূলক বেশি দাম পাওয়া যায় এমন লাভজনক ফসল উৎপাদনের প্রতি কৃষকদের আগ্রহী করে তোলা হয়, যাতে অল্প জমি ও সীমিত পরিশ্রমে অধিক আর্থিক লাভ অর্জন সম্ভব হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ১৮ জন কৃষকের হাতে সনদপত্র, বীজ, সার, কৃষি উপকরণ ও প্রয়োজনীয় কৃষি সামগ্রী তুলে দেওয়া হয়। এসব উপকরণ তাদের নিজ নিজ জমিতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে চাষাবাদ শুরু করতে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
এ প্রশিক্ষণে সার্বিক কারিগরি সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করেন রুমা উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা। তারা কৃষকদের ফসল নির্বাচন, চাষাবাদের পদ্ধতি, পরিচর্যা ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন। কৃষি কর্মকর্তাদের মতে, সঠিক পরিকল্পনা ও আধুনিক কৃষি কৌশল কাজে লাগাতে পারলে পাহাড়ি কৃষকরা নিজেদের জমিতে অধিক লাভজনক ফসল উৎপাদনের মাধ্যমে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হতে পারবেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকরা সেনাবাহিনীর এ উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, আগে অনেক কৃষি পদ্ধতি ও লাভজনক ফসল সম্পর্কে তাদের তেমন ধারণা ছিল না। এই প্রশিক্ষণের মাধ্যমে নতুন অনেক বিষয় শিখতে পেরেছেন, যা ভবিষ্যতে নিজেদের জমিতে চাষাবাদ, ভালো ফলন এবং পরিবারের আর্থিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একজন প্রশিক্ষণার্থী কৃষক বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা অনেক নতুন বিষয় জানতে ও শিখতে পেরেছি, যা আগে আমাদের জানা ছিল না। এখন আমরা নিজের জমিতে ভালোভাবে চাষাবাদ করতে পারব, ভালো ফলন পাব এবং সেই আয় দিয়ে পরিবারকে সহযোগিতা করার পাশাপাশি নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করতে পারব। সেনাবাহিনীর এমন উদ্যোগ আমাদের জন্য অনেক উপকার হয়েছে।
পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টি করার মাধ্যমে সেনাবাহিনী শুধু নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় নয়, বরং পার্বত্য অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
কৃষি প্রশিক্ষণের পাশাপাশি বান্দরবানের যুবক-যুবতীদের দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে সেনাবাহিনীর উদ্যোগে নার্সিং, গাড়ি চালনা, ধাত্রীবিদ্যা, ইলেকট্রনিক্সসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়ে তোলার পথ সুগম হচ্ছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়। তিন মাসব্যাপী কৃষি প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও কৃষি উপকরণ বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
পাহাড়ের মানুষের মুখে হাসি ফোটানো, তাদের স্বাবলম্বী করে তোলা এবং উন্নয়নের মূলধারায় এগিয়ে নেওয়ার এ উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক ভূমিকা আবারও প্রশংসিত হয়েছে।
মন্তব্য করুন