
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে আয়োজিত মর্যাদাপূর্ণ ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২৬-এ খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে সুযোগ পেয়েছেন তরুণ উদীয়মান ক্রিকেটার মোহাম্মদ শাফায়েত হোসেন সাবিত। সম্প্রতি তিনি এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
টুর্নামেন্টে তিনি স্বনামধন্য ক্লাব এফএমসি স্পোর্টস (FMC Sports)-এর হয়ে প্রতিনিধিত্ব করবেন। তার এই সাফল্যে স্থানীয় ক্রীড়াঙ্গনে আনন্দের ঢেউ বইছে।
মাত্র ১৮ বছর বয়সী শাফায়েতের বাড়ি সাতকানিয়া উপজেলার ছদাহা ৬ নম্বর ওয়ার্ডের হাজী সফর আলী পাড়া এলাকায়। তিনি ব্যবসায়ী শাব্বির আহমেদের সুযোগ্য পুত্র।
শাফায়েতের এই অর্জনকে এলাকাবাসী কেবল একটি ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখছে না; বরং এটি পুরো অঞ্চলের জন্য গর্বের বিষয়। হাজী সফর আলী পাড়া ঐক্য পরিষদ-এর পক্ষ থেকেও তাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংগঠনটির নেতৃবৃন্দ আশাবাদী যে, শাফায়েতের এই পথচলা এলাকার তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি উৎসাহিত করবে।
তরুণ এই ক্রিকেটারের প্রতিভা, মেধা ও কঠোর পরিশ্রমের উত্তরোত্তর বরকত কামনা করে তার সর্বাঙ্গীন সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা। ক্রিকেট মাঠে তার ব্যাট-বলের নৈপুণ্য দেশের ক্রিকেটেও বড় অবদান রাখবে এমনটাই সকলের প্রত্যাশা।
মন্তব্য করুন