
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের মনেয়াবাদে চুরি, মাদক, জুয়া, চোরাচালানসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে ‘সচেতন নাগরিক কমিটি’ গঠন করা হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আয়োজিত এক জরুরি সামাজিক বৈঠক শেষে এ কমিটি গঠনের সিদ্ধান্ত জানানো হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে এশার নামাজের পর মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অংশগ্রহণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে কমিটির উদ্যোগে এলাকার বাড়ি বাড়ি, রাস্তাঘাট ও দোকানপাটে অবস্থানরত ব্যক্তিদের সচেতন করা হয়। এ সময় চুরি, মাদক কারবার, জুয়া ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন দুলু সিকদার, লায়ন মুহাম্মদ আমান উল্লাহ, মুজিবুর রহমান সিকদার, মিজানুর রহমান নিজাম উদ্দিন মুহাম্মদ আকতার উদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন তানজিম আহমেদ।
বক্তারা বলেন, সমাজ থেকে অপরাধ দূর করতে হলে সবাইকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিটি পরিবার, অভিভাবক, ব্যবসায়ী ও সচেতন নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, এলাকায় অপরাধ প্রতিরোধে নিয়মিত নজরদারি রাখা হবে। কেউ অপরাধে জড়িত থাকার তথ্য বা প্রমাণ পাওয়া গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করে আইনগত ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করা হবে। পাশাপাশি রাতের বেলায় সন্দেহজনক চলাচলের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
এলাকাবাসী মনে করেন, ‘সচেতন নাগরিক কমিটি’র মাধ্যমে সামাজিক ঐক্য ও জনসচেতনতা আরও জোরদার হবে। সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে মনেয়াবাদকে চুরি, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধমুক্ত রাখতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
স্থান: মনেয়াবাদ, পুরানগড় ইউনিয়ন, সাতকানিয়া, চট্টগ্রাম।
মন্তব্য করুন