
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৬ রাবার শ্রমিক অপহরণের ঘটনায় তোলপাড়ের ২৪ ঘণ্টার মধ্যেই সফল অভিযান চালিয়েছে র্যাব-১৫। অপহরণ চক্রের মূল পরিকল্পনাকারী দুর্ধর্ষ দস্যু মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৩ জুলাই বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ৬ জন রাবার শ্রমিককে অপহরণ করে একটি দুষ্কৃতিকারী চক্র। অপহৃতদের মুক্তির বিনিময়ে দাবি করা হয় ২ লাখ টাকা মুক্তিপণ, সেই সাথে চলে অমানবিক শারীরিক নির্যাতন।
ঘটনাটি গণমাধ্যমে প্রচার হওয়ার পর তৎপর হয় র্যাব-১৫। গোয়েন্দা নজরদারি ও আধুনিক প্রযুক্তির সহায়তায় গতকাল ১১ জুলাই বিকেলে কক্সবাজার সদর থানার জানারঘোনা পাওয়ার হাউস এলাকায় অভিযান চালায় র্যাব-১৫ এর একটি চৌকস দল।
অভিযানে অপহরণ সিন্ডিকেটের মূল হোতা ২৬ বছর বয়সী মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এর আগেও মাদকসহ নারী ও শিশু নির্যাতনের মতো একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মৃত আহমদ হোসেনের পুত্র। মামলার ২৪ ঘণ্টার মধ্যেই মূল হোতাকে গ্রেপ্তারের বিষয়টি স্থানীয় এলাকায় স্বস্তি ফিরিয়ে এনেছে।
র্যাব কার্যালয় ও কক্সবাজার সদর থানা)
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
অপহরণকারী চক্রের বাকি সদস্যদের ধরতে এবং অপহৃতদের উদ্ধার কার্যক্রমের বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।