
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে রাতের আঁধারে কম্পিউটার ল্যাবের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ৯টি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) ও ২টি ল্যাপটপ নিয়ে গেছে চোরের দল।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাতে পুরানগড় শাহ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের নৈশপ্রহরী শাহাবুদ্দিন চুরির বিষয়টি বুঝতে পেরে শিক্ষক ও স্থানীয়দের খবর দেন।
পরে তারা সবাই মিলে চোরের দল কোন দিক দিয়ে সেখানে প্রবেশ করেছে সেটি সনাক্ত করতে গিয়ে বিদ্যালয়ের পেছনে ৯ সিপিইউ ও ২টি ভাঙা ল্যাপটপের খোলস দেখতে পান। তবে সেগুলোর মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই, র্যাম, রম, সিডি ড্রাইভ, হার্ডডিস্ক, কুলিং ফ্যান ও ক্যাবল খুলে নেওয়া হয়েছে।
ওই বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক ইমন দাশ বলেন,
রাতের আঁধারে ল্যাবের তালা ভেঙে একসঙ্গে ৯টি সিপিইউ ও ২টি ল্যাপটপ চুরি হয়ে যাওয়ার ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। এতে বিদ্যালয়ের আর্থিক ক্ষতির পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত কম্পিউটার শিক্ষা কার্যক্রমও বাধাগ্রস্ত হবে। এ ঘটনায় আমরা থানা পুলিশকে জানিয়েছি এবং অভিযোগ দায়ের করেছি।
পুরানগড় ইউনিয়নের স্কুল পাড়ার যুবক মাহাবুবুল আলম বলেন, এ চুরির কারণে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদেরও ক্ষতির মুখে পড়তে হবে। ঘটনাটি কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। তাই বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তদন্তপূর্বক চোর চক্রের সদস্যদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।