
সাতকানিয়া উপজেলার পশ্চিম ডেমশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোহসেন আলী পাড়া এলাকায় পুকুরে ডুবে আলিফা (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নিজ বাড়ির সামনের পুকুরে পড়ে এই দুর্ঘটনা ঘটে। শিশু আলিফা ওই এলাকার উমর ফারুকের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের অগোচরে বাড়ির উঠান থেকে শিশুটি সবার অজান্তে পুকুরের পানিতে চলে যায় এবং তলিয়ে যায়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখেন।
দ্রুত তাকে উদ্ধার করে কেরানিহাট এলাকার আশশেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।