
“যুবকরাই আদর্শ সমাজ গঠনের অন্যতম শক্তি” এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় আমিরাবাদ ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিরাবাদ ইউনিয়ন শাখার আমীর অধ্যাপক হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে দরসুল কোরআন পরিবেশন করেন আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সম্পাদক মাওলানা নুরুল ইসলাম।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক আবু তাহের, সাবেক আমীর আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির আহ্বায়ক কাজী নুরুল আলম চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম এবং কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন।
এছাড়াও উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাফেজ জাহেদুল ইসলাম, লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি রফিক দিদার, আমিরাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনোয়ার হোসেন, সহ-সম্পাদক মাস্টার শহিদ এবং আমিরাবাদ ইউনিয়ন যুব বিভাগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল্লাহ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, যুবসমাজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে নিরলসভাবে ভূমিকা পালন করে চলেছে। যখনই শাসকগোষ্ঠী সাধারণ মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা হরণ করার চেষ্টা করেছে, তখনই তরুণ যুবকরা রাজপথে নেমে এসে অধিকার আদায়ে সোচ্চার হয়েছে। বক্তাদের মতে, যুবকরাই দেশ ও জাতির মূল চালিকাশক্তি।
সম্মেলনে আমিরাবাদ যুব বিভাগের সদস্যবৃন্দসহ পাঁচ শতাধিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।