
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২৮৪ নম্বর ইয়াংছা মৌজায় জমি দখল ও পাল্টা মালিকানা দাবিকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। এ ঘটনায় একটি পক্ষ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় আবেদন করেছে, আর অপরদিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা সিআর মামলায় (নং- ৪০১/২০২৪) ভূমি পরিমাপ প্রতিবেদন দাখিল করা হয়েছে।
আদালতে দাখিলকৃত আবেদনে ১ম পক্ষ বাদী মো. রুবেল (৩৪) দাবি করেন, তাঁর মাতার ওয়ারিশসূত্রে প্রাপ্ত এবং ১৯৮৬-৮৭ সালের বন্দোবস্তমূলে তৌজিভুক্ত ২৮৪ নম্বর ইয়াংছা মৌজার হোল্ডিং নং- আর/৪৬৬-এর ভেতরে ৪.০০ একর ২য় শ্রেণির জমি তাঁরা দীর্ঘদিন ধরে ভোগদখলে রেখে ফলদ ও বনজ বাগান এবং ধানি জমি চাষাবাদ করে আসছেন। গত ২৬ অক্টোবর ২০২৪ সকালে ২য় পক্ষের মো. ছলিমুল্লাহ ও মো. কলিমুল্লাহ সহ কয়েকজন ওই জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করেন এবং ভয়ভীতি দেখান। এর আগে ২০ অক্টোবর ২০২৪ ইয়াংছা আর্মি ক্যাম্পেও একটি অভিযোগ দেওয়ার কথা আবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ২য় পক্ষের কাগজপত্র ও নথিতে ওই মৌজার হোল্ডিং নং- ৪৬৬-এর আওতায় দিলদার বেগমের নামে ৪.০০ একর জমির জমা-বন্দির তথ্য রয়েছে। পাশাপাশি ২য় পক্ষের সংশ্লিষ্ট অংশে জহির আহাম্মদ বৈদ্যসহ সংশ্লিষ্টদের নামে খতিয়ান ও জমাবন্দির কপিও নথিতে দেখা যায়।
এদিকে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, লামা চৌকি আদালতের নির্দেশে সিআর মামলা নং- ৪০১/২০২৪-এর পরিপ্রেক্ষিতে গত ৪ এপ্রিল ২০২৫ উভয় পক্ষের উপস্থিতিতে নালিশি জমি সরেজমিনে পরিমাপ করা হয় এবং ৫ এপ্রিল ২০২৫ আদালতে ভূমি পরিমাপ প্রতিবেদন দাখিল করা হয়।
অভিযোগকারী পক্ষ ২৮৪ নম্বর ইয়াংছা মৌজার খতিয়ান নং- ৭০ (চাষ) ও হোল্ডিং নং- ২৩৬/৫৩৪-এর জমাবন্দি দাখিল করে, যেখানে খতিয়ান নং- ৭০, দাগ নং- ১৭১২-এর ভেতর ৫.০০ একর ২য় শ্রেণির জমি এবং হোল্ডিং নং- ২৩৬/৫৩৪-এর ভেতর ৩.০০ একর ২য় শ্রেণির জমি রেকর্ডভুক্ত রয়েছে। অপরদিকে আসামি পক্ষে দিলদার বেগমের নামে হোল্ডিং নং- ৪৬৬-তে ৪.০০ একর ২য় শ্রেণির জমি উল্লেখ রয়েছে।
পরিমাপকালে খতিয়ান নং- ৭০, দাগ নং- ১৭১২-এর ৫.০০ একর জমিতে অভিযোগকারী পক্ষের দীর্ঘদিনের ভোগদখলের তথ্য উঠে আসে, আর হোল্ডিং নং- ২৩৬/৫৩৪-এর ৩.০০ একর জমির মধ্যে ২.০০ একর জমিতে অভিযোগকারীর সাথে স্থানীয়ভাবে আপোষ হওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয় (বাকি ১.০০ একর অন্যের দখলে থাকার কথা বলা হয়েছে)।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, হোল্ডিং নং- ৪৬৬-তে ৪.০০ একর উল্লেখ থাকলেও আসামি পক্ষের দখলে মোট ১১.০০ একর জমি ভোগদখলে রয়েছে। স্থানীয়দের বরাতে প্রতিবেদনে 'সানু খাল' ও 'ছমু খাল' একই ছিরি হিসেবে উল্লেখ করা হয় এবং সংশ্লিষ্ট ৩টি খতিয়ান/হোল্ডিং মিলিয়ে মোট ১২.০০ একর জমাবন্দির মধ্যে ১১.০০ একর ২য় শ্রেণির জমি দখলের চিত্র তুলে ধরে তা পক্ষগুলোর মাঝে বণ্টনের মতামত দেওয়া হয়।
বাদি পক্ষের মো এহসান জানান যে ১৯৭৯ বা ১৯৮১ সালের দিক থেকে তাঁরা এখানে বসবাস করছেন এবং তাঁদের বাপ-দাদারাও এখানেই মারা গেছেন। তাঁর অভিযোগ, অপর পক্ষ ভুয়া বা বাইরের কাগজপত্র দেখিয়ে জোরপূর্বক তাঁদের জমি দখল করে নিচ্ছে অথচ তাঁরা দরিদ্র ও নদীভাঙনের শিকার মানুষ।তিনি উল্লেখ করেন যে একসময় যে জমিগুলো পাহাড় বা টিলার মতো ছিল, সেগুলো তাঁরা নিজেরা কেটে ও পরিষ্কার করে আবাদযোগ্য ও বাগানের উপযোগী করেছেন এবং অনেক কষ্টে জীবন চালাচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জানতে চাইলে বিবাদিনী পক্ষের জিয়া রহমান জানান,সংশ্লিষ্ট জমির হোল্ডিং নম্বর ১০৫ এবং দাগ নম্বর ১৭১২ এর জমিটি তাঁর নিজের এবং এ বিষয়ে আদালতের ডিক্রি রয়েছে তিনি আরো জানান লামার জুডিশিয়াল কোর্টের নির্দেশে উভয় পক্ষের আইনজীবী ও সার্ভেয়ার সরেজমিন এসে জমি পরিমাপ করে জমি বুঝিয়ে দেন।
উভয় পক্ষের দাবি, পাল্টা কাগজপত্র এবং আদালতের পরিমাপ প্রতিবেদনের মধ্যে জমির পরিমাণ ও দখল নিয়ে ভিন্নতা থাকায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।