
বান্দরবানের লামায় উৎসবমুখর পরিবেশে লামা প্রিমিয়ার লীগ (এলপিএল) ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে
স্থানীয় ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার প্রত্যাশা নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উক্ত টুর্নামেন্টে দাউদ এন্ড সন্স ও আজিজ নগর রয়েল দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করে।
রবিবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় লামা পৌরসভার টিটি অ্যান্ড ডিসি খেলার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বান্দরবান জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান মজিবুর রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমির হোসেন আমু বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র; জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনুঅং চৌধুরী; বান্দরবান জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটি, বান্দরবান জেলা ইউনিটের সাধারণ সম্পাদক দৌলত কবির খান সিদ্দিকী; বান্দরবান জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ভূঁইয়া।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ করিম এলএলবি, লামা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব চৌধুরী মোহাম্মদ সুজন, লামা উপজেলা ছাত্রদলের সভাপতি মো. তুহিন, উপজেলা কৃষক দলের সভাপতি মো. ইব্রাহিম, লামা প্রবাসী কল্যাণ দলের সভাপতি মো. আমির হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সিরাজ এবং উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী জোসনা বেগমসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী আয়োজনকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। স্থানীয় পর্যায়ে ক্রিকেটের প্রসার, নতুন খেলোয়াড় সৃষ্টি এবং তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ধারার বিনোদন ও ইতিবাচক প্রতিযোগিতায় সম্পৃক্ত করার ক্ষেত্রে এলপিএল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়; বরং শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যবোধ গড়ে তোলার অন্যতম শক্তিশালী মাধ্যম। লামা প্রিমিয়ার লীগ-২০২৬ স্থানীয় প্রতিভাবান ক্রিকেটারদের নিজেদের দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শনের সুযোগ সৃষ্টি করবে, এমন প্রত্যাশা ক্রীড়ামোদীদের।
স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টির মধ্য দিয়ে এলপিএল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ সফল ও আকর্ষণীয় হয়ে উঠবে, এমন আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও ক্রীড়াপ্রেমীরা।