
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী মাইশার সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত লরি চালককে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেফতারকৃত চালকের নাম মো. রিয়াজ উদ্দিন (৩২)। তিনি নোয়াখালী সদর থানাধীন বাটির টেক এলাকার মো. আবু তাহেরের ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর থেকে অভিযুক্ত চালক আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, মাইশার মর্মান্তিক মৃত্যুর পর বিশ্ববিদ্যালয় চত্বরসহ সর্বস্তরের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। নিরাপদ সড়ক ও সহপাঠীর মর্মান্তিক পরিণতির বিচার চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনের কাছে ৫ দফা দাবি উত্থাপন করেন। শিক্ষার্থীদের এই ৫ দফা দাবির মধ্যে অন্যতম প্রধান ও প্রথম দাবিটিই ছিল মাইশার মৃত্যুর জন্য দায়ী লরি চালককে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক আইনের আওতায় নিয়ে আসা।
অভিযুক্ত চালক মো. রিয়াজ উদ্দিন গ্রেফতার হওয়ায় শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অগ্রগতি অর্জিত হলো। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত চালকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।